মেহেরপুরের গাংনীতে আবারো কৃষকের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে৷বুধবার (৮ জুলাই) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার মাটমুড়া গ্রামের মাঠ থেকে ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে ট্রান্সফার চুরির বিষয়টি জানতে পারে ভুক্তভোগী কৃষক৷
কৃষক গঞ্জের আলী জানান, ট্রান্সফরমার চুরি হওয়ায় তার স্কিমের আওতায় থাকা কৃষকরা চরমভাবে ক্ষতির মুখে পড়বে৷বর্তমানে ধানের বীজতলা তৈরির কাজ চলছে। এই সময় প্রায় দিন বীজতলায় পানির প্রয়োজন হবে৷এত টাকা দিয়ে ট্রান্সফরমার কিনে যে লাগাবো কালকে আবার চুরি হবে না এর গ্যারান্টি দেবে কে? মোটা রড ঝালাই করে ট্রান্সফরমারটি রক্ষা করার চেষ্টা করেছিলাম কিন্তু চোরের দল রড কেটে চুরি করে নিয়ে গেল৷এভাবে চুরি হতে থাকলে মাঠে ফসল চাষ করা সম্ভব হবে না৷
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, মটমুড়া গ্রামের কৃষক গঞ্জের আলীর একটি ট্রান্সফরমার চুরি হয়েছে এবং পাশের আরেকটি কৃষক মহিবুল ইসলাম এর ট্রান্সফরমার চুরি করার সময় সেচ পাম্প মালিক চলে আসায় সেটি ফেলে পালিয়েছে চোর চক্রের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই চোর চক্রের সদস্যদের আইনের আইনের আওতায় আনার জন্য পুলিশ তদন্ত করছে।