ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয়।
গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা। এসময় উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমানসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমীর শিল্পীরা দেশাত্ববোধক গান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।