চাঁদা দাবি ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বয়স্ক প্রতিবন্ধী নারীসহ দুজন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, আনসার আলী(৮০) ও তার স্ত্রী মানসিক প্রতিবন্ধী শাহানাজ খাতুন।
আহত আনসার আলীর ছেলে ইউপি সদস্য আব্বাস উদ্দিনের স্ত্রী সুমাইয়া আক্তার জানান, পারিবারিকভাবে তারা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। আওয়ামী সরকার পতনের পর প্রতিপক্ষ দবির উদ্দিন ও তার লোকজন তাদের কাছে চাঁদার দাবিতে নিয়মিত হুমকি ধমকি দিয়ে আসছিলেন। বাধ্য হয়ে সাহারবাটি বাজারের ওষুধের দোকানটিও বন্ধ করে রাখতে হয়েছে। আজ ভোরে তার স্বামী আব্বাস উদ্দিন মাঠে আবাদকৃত সবজি বিক্রয়ের জন্য বাজারে গেলে হঠাৎ দবির হোসেন ও তার লোকজন বাড়িতে আক্রমণ করে। এ সময় তারা বৃদ্ধ শশুর ও বয়স্ক প্রতিবন্ধী শাশুড়ীকে রড ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে গেলে সেখানেও বাধা প্রদান করে প্রতিপক্ষরা।
সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) সদস্য ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরমান আলী জানান, হঠাৎ ভোরে মোবাইল ফোনে তিনি জানতে পারেন দবির ও তার লোকজন আনসার আলীর বাড়িতে হামলা করেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় দবির ও তার লোকজন ফরমান আলীর উপরও হামলার চেষ্টা চালায়।
তিনি আরো জানান, কিছুদিন আগে ইউপি সদস্য আব্বাস উদ্দীন তার কাছে এসেছিলেন এবং প্রতিপক্ষ দবির হোসেন তার কাছ থেকে দেড় লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছেন এবং টাকা না দিলে হামলার হুমকি দেন। এ বিষয়ে ঈদের পরে সমাধানের কথা থাকলেও তার আগেই এই হামলা বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে দবির হোসেন জানান, তারা বিএনপি রাজনীতিতে জড়িত। আওয়ামী লীগ সরকারের আমলে আনসার আলী পরিবারের লোকজন তাদের ওপর নানা রকম অত্যাচার করেন। সেই প্রতিশোধ নিতে মরিয়া বলেও স্বীকার করেন তিনি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, এ হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।