পুলিশের হাতে গ্রেফতার এড়াতে তিন কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল ফেলে পালিয়েছে অজ্ঞাত দুই মাদককারবারী। মঙ্গলবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ অজ্ঞাত দুজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ দেখানো হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলযোগে দুজন মাদককারবারী আসছে মর্মে সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স ভাটপাড়া গ্রামের সড়কে অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের থামতে সংকেত দেয়। পুলিশ দেখে তারা একটি লাল রংয়ের অ্যাপাচি ফোর ভি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। যার রেজিস্ট্রেশন নং মেহেরপুর ল-১১-৭৬৬২। ওসি আরো জানান, মোটর সাইকেলের মালিক ও মাদক কারবারীদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে।