অবশেষে মেহেরপুরের গাংনীতে বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের দাম। চলতি মৌসুমে গ্রীষ্মকালীন মরিচের দাম শুরুতেই অস্বাভাবিক কমে যাওয়ায় লোকসানে পড়েছিলেন কৃষকরা।
আজ শুক্রবার উপজেলার পাইকারী বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকা কেজি দামে। যা গেল সপ্তাহে ছিল ২০-২৫ টাকা। সারা দেশে বৃষ্টিপাত অব্যহত থাকায় মরিচের দাম বাড়তে শুরু করেছে।
এদিকে পটল, মুখীকচু, মিষ্টি কুমড়া, শসা, বরবটি, ধুন্দলসহ সব ধরনের সবজির দর কিছুটা বৃদ্ধি পাওয়ায় চাষীদের মনে স্বস্তি ফিরতে শুরু করেছে। গেল শীত মৌসূম থেকেই সবজি আবাদে ব্যাপক লোকসানের মুখে পড়া কৃষকরা গ্রীষ্মকালীন সবজি আবাদ করেও লোকসানে রয়েছে। আজকের বাজারে আলু, পেঁয়াজ ও রসুনের দাম গেল সপ্তাহের মত স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন পাইকারী ব্যবসায়ীরা।