খুলনার ফুলতলায় রাস্তার পাশ থেকে এক দিনের নবজাতক উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে দামোদর প্রাইমারি স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা-যশোর মহাসড়কের পাশে শিশুটিকে কে বা কারা ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারনা স্থানীয়দের।
স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার সময় পথচারীরা মহাসড়কের ধারে একটি কাপড়ে মোড়ানো সদ্যজাত শিশুকে দেখতে পান। পরে খবর পেয়ে এলাকার মহিলা ইউপি সদস্য শিশুটিকে হেফাজতে নেন এবং প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করেন। এ ঘটনায় চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই শিশুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার যথাযথ নিরাপত্তা ও অভিভাবকত্ব নিশ্চিতের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফুলতলা থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। শিশুটিকে আপাতত নিরাপদ স্থানে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
সাধারণ মানুষের প্রশ্ন কার হৃদয় এতটা পাষাণ হতে পারে, যে একটি অবুঝ শিশুকে এভাবে ফেলে দিতে পারে? এমন নিষ্ঠুরতার পেছনে যদি কোনো পারিবারিক, সামাজিক বা অন্য কোনো চাপ থাকে, তবে সেটির প্রতিকার করা জরুরী। যেনো এ ধরনের অপরাধ আরও ভয়ংকর ভাবে ছড়িয়ে না পড়ে।